
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ৭ নম্বর ওয়ার্ডের আড়পাড়া শিবনগর (বৈরাগীপাড়া) সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে ১১তম দুর্গাপূজা। স্থানীয় সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, আর্থিক সহযোগিতা ও সরকারি অনুদানে উৎসবমুখর পরিবেশে পূজার আয়োজন করা হয়েছে।
মণ্ডপের সভাপতি বিশ্বজিৎ অধিকারী বলেন, প্রতিবছরের আয়োজনের ধারাবাহিকতায় এবার আরও জমকালোভাবে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। এটি তাঁদের ১১তম পূজা। সবার সহযোগিতায় সুন্দর ও সুষ্ঠুভাবে পূজার কার্যক্রম পরিচালনা করতে পারছেন বলে তিনি জানান।
মণ্ডপের সাধারণ সম্পাদক সজীব অধিকারী বলেন, এবারের পূজায় রয়েছে বিশেষ আকর্ষণ। প্রতিমার পেছনে হাতের কারুকার্যের মাধ্যমে শিবঠাকুরের ছবি ফুটিয়ে তোলা হয়েছে, যা মণ্ডপের সৌন্দর্য আরও বাড়িয়েছে। সার্বিক পরিবেশও ভালো রয়েছে। পূজার আয়োজন সম্পন্ন করতে প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা ব্যয় হয়েছে। এ আয়োজনে এলাকার সবাই সমানভাবে অংশগ্রহণ করছেন বলেও জানান তিনি।
মণ্ডপের কোষাধ্যক্ষ আশিক অধিকারী বলেন, স্থানীয়দের আর্থিক সহযোগিতা ও সরকারি অনুদানের মাধ্যমে সুন্দরভাবে পূজার আয়োজন করা সম্ভব হচ্ছে। এলাকার সবার সঙ্গে আন্তরিক সম্পর্ক থাকায় পূজার আয়োজন ও পরিচালনায় তেমন কোনো সমস্যার সম্মুখীন হতে হচ্ছে না।
আয়োজকরা জানান, সবার সম্মিলিত সহযোগিতা ও সম্প্রীতির মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা সুন্দরভাবে সম্পন্ন করাই তাঁদের মূল লক্ষ্য।
Leave a Reply