
ঝিনাইদহের মহেশপুর উপজেলাকে মাদক, জুয়া, ইভটিজিং ও বাল্যবিবাহমুক্ত করার ঘোষণা দিয়েছেন মহেশপুর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) আজাদ রহমান। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের অপরাধ ও সামাজিক বিশৃঙ্খলা দমনে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন তিনি।
বুধবার (২ সেপ্টেম্বর) সকালে মহেশপুর থানা কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন নবাগত ওসি।
মতবিনিময় সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নির্মূল, অনলাইনভিত্তিক মোবাইল জুয়া প্রতিরোধ, ইভটিজিং ও বাল্যবিবাহ বন্ধসহ বিভিন্ন সামাজিক অপরাধ দমনের বিষয়ে আলোচনা হয়।
ওসি আজাদ রহমান বলেন, “মহেশপুরকে একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও অপরাধমুক্ত উপজেলা হিসেবে গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য। মাদক, জুয়া, ইভটিজিং কিংবা বাল্যবিবাহ—কোনো ক্ষেত্রেই ছাড় দেওয়া হবে না। তরুণ প্রজন্মকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে মাদক ও জুয়ার বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে।”
তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষা এবং মহেশপুরকে মাদক, জুয়া ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে মুক্ত করতে পুলিশের পাশাপাশি সাংবাদিকসহ সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন। অপরাধ দমনে সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি।
নবাগত ওসি আরও বলেন, পুলিশের একার পক্ষে একটি উপজেলাকে সম্পূর্ণ অপরাধমুক্ত করা সম্ভব নয়। জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, অভিভাবক, ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধভাবে এগিয়ে এলে মহেশপুরকে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ জনপদ হিসেবে গড়ে তোলা সম্ভব।
এ সময় মহেশপুর থানার পুলিশ সদস্যরা মাদক ও অপরাধের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় প্রেসক্লাব মহেশপুরের সভাপতি সরোয়ার হোসেন, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সিনিয়র সহ-সভাপতি ওবাইদুর হক, জামসেদ আলম বকুল, জাকির হোসেন, জালাল উদ্দীন, শহিদুল ইসলাম, সোহেল রানা, রবিউল ইসলাম, মশিয়ার রহমান টিংকু, সেলিম রেজা, শেখ এনামুল হক দুলু, রাসেল হুসাইন, আরএম রনি, আব্দুর রহিম, আব্দুর রাজ্জাক রাজনসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সাংবাদিক নেতারা মহেশপুরের সামাজিক শৃঙ্খলা রক্ষা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পুলিশ প্রশাসনের ইতিবাচক সব উদ্যোগে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
মতবিনিময় সভায় নবাগত ওসি আজাদ রহমানের বক্তব্যে স্পষ্ট হয়—মহেশপুরে মাদক, জুয়া ও সামাজিক অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থানের পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাকে সর্বোচ্চ গুরুত্ব দেবে থানা পুলিশ।
Leave a Reply