
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় বিষধর সাপের কামড়ে আরিফ (২৫) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সাপে কাটার পর তাকে দ্রুত হাসপাতালে না নিয়ে ওঝার কাছে ও অপচিকিৎসায় মূল্যবান সময় নষ্ট করার কারণেই তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।
ঘটনাটি ঘটেছে উপজেলার কাজীরবেড় ইউনিয়নের লালপুর গ্রামে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, নিজ বাড়িতে অসাবধানতাবশত আরিফকে একটি বিষধর সাপ কামড় দেয়। পরিবারের লোকজন বিষয়টি বুঝতে পেরে তাকে দ্রুত কোনো হাসপাতালে না নিয়ে স্থানীয় এক ওঝার কাছে নিয়ে যান। সেখানে দীর্ঘক্ষণ ওঝার ঝাড়ফুঁকের কারণে আরিফের শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকে।
পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
সাপের কামড়ে যুবকের এমন অকাল মৃত্যুতে লালপুর গ্রামসহ পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় সচেতন মহলের দাবি, সাপে কাটার সাথে সাথে ওঝার পেছনে সময় নষ্ট না করে সরকারি হাসপাতালে নিয়ে গেলে হয়তো এই তরুণ প্রাণটি বাঁচানো সম্ভব হতো।
Leave a Reply