
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া বাজারের খাপাড়া এলাকায় ‘কাজী ফার্ম’ নামক একটি ফার্মেসিতে শাবল নিয়ে হামলা, মারাত্মক ভাঙচুর, মালামাল বিনষ্ট এবং ক্যাশ ড্রয়ার থেকে নগদ টাকা লুটে নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই হামলার ঘটনা ঘটে। এতে ফার্মেসিটির মালিক দেলোয়ার হুসাইন (৪০) রক্তাক্ত জখম হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত শেখ নূরুল ইসলামকে (৫০) অভিযুক্ত করে জীবননগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই অভিযুক্ত শেখ নূরুল ইসলাম ফার্মেসি মালিক দেলোয়ার হুসাইনের নিকট ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন এবং বিভিন্ন সময় তাকে প্রাণনাশের হুমকি দিচ্ছিলেন। এর আগেও অভিযুক্ত ব্যক্তি ওই ফার্মেসিতে হামলা চালিয়েছিলেন, যা পরবর্তীতে স্থানীয় সালিশ-বিচারে মীমাংসা হয়।
ঘটনার দিন বুধবার সন্ধ্যায় শেখ নূরুল ইসলাম হাতে একটি লোহার শাবল নিয়ে ‘কাজী ফার্মে’-র সামনে উপস্থিত হন এবং দেলোয়ারের কাছে চাঁদার টাকা না দেওয়ার কারণ জানতে চেয়ে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। একপর্যায়ে তিনি শাবল দিয়ে ফার্মেসিতে তাণ্ডব চালান। এতে দোকানের কাচ ভেঙে প্রায় ৪০ হাজার টাকার ক্ষতি হয় এবং ভাঙা কাচের আঘাতে দেলোয়ার হুসাইনের শরীরের বিভিন্ন স্থান কেটে রক্তাক্ত জখম হয়।
তাণ্ডব চলাকালে হামলাকারী ফার্মেসির ভেতর ঢুকে একটি ল্যাপটপ, একটি প্রিন্টার এবং এসির অংশ বিশেষ ভাঙচুর করে লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করেন। একই সঙ্গে ক্যাশ ড্রয়ার ভেঙে ড্রয়ারে থাকা নগদ ১ লাখ টাকা নিয়ে চম্পট দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। দেলোয়ারের চিৎকারে স্থানীয় কাজী শিপন হোসেন, মোল্যা ফয়েজ ও পিন্টু মিয়া সহ আশেপাশের ব্যবসায়ীরা ঘটনাস্থলে ছুটে এসে হামলাকারীকে নিবৃত করেন। পরবর্তীতে আহত দেলোয়ার জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেন।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত শেখ নূরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন, দেলোয়ার হুসাইন ‘জিনের মাধ্যমে’ তাঁর পরিবারের লোকজনের মস্তিষ্ক বিকৃত করেছেন এবং তিনি নিজেও এর শিকার। তবে তাঁর এই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন, প্রলাপ ও হাস্যকর বলে উড়িয়ে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
এদিকে, ব্যস্ততম বাজারে এমন সন্ত্রাসী হামলায় স্থানীয় ব্যবসায়ীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা দ্রুত তদন্ত সাপেক্ষে অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ জানান, “ঘটনার খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে রাতে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং দোষী ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।”
Leave a Reply