
ঝিনাইদহের মহেশপুর উপজেলার পলিয়ানপুর সীমান্তে বিজিবির (বর্ডার গার্ড বাংলাদেশ) এক বিশেষ অভিযানে ১২ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার হলেও কোনো চোরাচালানিকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকা দিয়ে মাদকের একটি বড় চালান বাংলাদেশে পাচার হচ্ছে—এমন গোপন খবরের ভিত্তিতে পলিয়ানপুর বিওপির (বর্ডার অবজারভেশন পোস্ট) একটি টহল দল ওই এলাকায় কৌশলগত অবস্থান নেয়। অভিযানকালে সন্দেহভাজন কয়েকজন ব্যক্তিকে সীমান্ত এলাকা দিয়ে হেঁটে আসতে দেখে বিজিবি সদস্যরা তাদের থামার সংকেত দেন। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানিরা তাদের সাথে থাকা ব্যাগ ফেলে রেখে দ্রুত ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।
পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ফেলে যাওয়া পলিথিনে মোড়ানো একটি ব্যাগ থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) জানায়, উদ্ধার করা গাঁজা ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে এবং সীমান্ত দিয়ে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও মাদক চোরাচালান রোধে নিরাপত্তা ও টহল জোরদার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
Leave a Reply