
ঝিনাইদহের মহেশপুর উপজেলার সামন্তা বাজার এলাকার জীবননগর পাড়ায় রুপা খাতুন (৩০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত রুপা খাতুন মহিদুল ইসলামের মেয়ে এবং প্রবাসী রকিবুল ইসলাম রকুর স্ত্রী। তিনি দুই সন্তানের জননী।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে নিজ বাড়ির একটি কক্ষে দরজা বন্ধ করে ছাদের ফ্যানের অ্যাঙ্গেলের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন তিনি। পরে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
এদিকে ঘটনাকে ঘিরে এলাকায় বিভিন্ন ধরনের আলোচনা চলছে। স্থানীয়দের কেউ কেউ পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে দাবি করলেও, আবার কেউ বলছেন তিনি মৃগী রোগে ভুগছিলেন। তবে এসব বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য বা প্রমাণ পাওয়া যায়নি।
ঘটনাটি তদন্ত করছে মহেশপুর থানা পুলিশ। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
Leave a Reply