
ঝিনাইদহের কোটচাঁদপুর থেকে সাফদারপুর পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার সড়কের দুই পাশে আগাছা, ঝোপঝাড় ও বিভিন্ন গাছপালা বেড়ে ঘন জঙ্গলে পরিণত হয়েছে। দীর্ঘদিন পরিষ্কার-পরিচ্ছন্নতার উদ্যোগ না থাকায় সড়কটি এখন পথচারীদের জন্য চরম উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
সরেজমিনে দেখা গেছে, সড়কের দুপাশের ঝোপঝাড় এতটাই ঘন হয়ে উঠেছে যে অনেক স্থানে রাস্তার পাশের অংশই আড়াল হয়ে গেছে। কোথাও কোথাও রাস্তার ওপর পর্যন্ত কলাগাছ ও অন্যান্য গাছ চলে এসেছে, যা সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন সৃষ্টি করছে।
ডাকাতি ও ছিনতাইয়ের আতঙ্ক
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, একসময় নিয়মিত সড়কের পাশের আগাছা পরিষ্কার করা হলেও দীর্ঘদিন ধরে এই কার্যক্রম বন্ধ রয়েছে। ঘন জঙ্গলের সুযোগ নিয়ে এলাকায় ডাকাতি ও ছিনতাইয়ের ঝুঁকি মারাত্মকভাবে বাড়ছে। দিনের বেলায়ও কেউ লুকিয়ে থাকলে তাকে খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ে। এলাকাবাসীর দাবি, দ্রুত সড়কের দুপাশের ঝোপঝাড় পরিষ্কার এবং অবৈধভাবে লাগানো গাছ অপসারণ করে সাধারণ মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করা হোক।
এ বিষয়ে কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপা রানী সরকার জানিয়েছেন, ইতিমধ্যে বিষয়টি নিয়ে পদক্ষেপ নেওয়া হয়েছে। লোক নিয়োগের কার্যক্রম চলছে এবং আশা করা যাচ্ছে আগামী এক মাসের মধ্যেই সড়কের দুই পাশ পরিষ্কার করার কাজ শুরু হবে।
স্থানীয় জনসাধারণের প্রত্যাশা, প্রশাসনের এই ঘোষিত উদ্যোগ দ্রুত বাস্তবায়িত হবে এবং কোটচাঁদপুর–সাফদারপুর সড়কটি আবারও নিরাপদ ও চলাচল উপযোগী হয়ে উঠবে।
Leave a Reply