
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে এনজিও বিষয়ক এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল ৩টায় জেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই।
সভায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের ঋণের কিস্তি আদায়ে তিন মাস স্থগিত রাখার বিষয়ে এনজিওগুলোর করণীয়, কার্যকর বাস্তবায়ন, বন্যা-পরবর্তী ত্রাণ বিতরণ এবং পুনর্বাসন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের চিফ এক্সিকিউটিভ অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম, এক্সিকিউটিভ অফিসার মুহাম্মদ আবুল মনসুর, জেলা প্রশাসকের প্রতিনিধি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতন্য রাজবংশী,পুলিশ সুপারের প্রতিনিধি সহকারী পরিদর্শক বাতেন,জেলা পরিষদের সদস্য লাল জার লম বম,মোহাম্মদ সাইফুল ইসলাম,অ্যাডভোকেট উকাথোয়াই মারমা, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, স্থানীয় সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন এনজিওর প্রতিনিধিরা।
সভাপতির বক্তব্যে অধ্যাপক থানজামা লুসাই বলেন,”যেকোনো দুর্যোগ বা চ্যালেঞ্জ এককভাবে মোকাবিলা করা সম্ভব নয়। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগের মাধ্যমে জনগণের জন্য কার্যকর সেবা নিশ্চিত করা সম্ভব।”
চিফ এক্সিকিউটিভ অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপন দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান। এ সময় এনজিও প্রতিনিধিরা বন্যাদুর্গত মানুষের জন্য পরিচালিত ত্রাণ কার্যক্রমের তথ্য তুলে ধরেন এবং সাংবাদিকরা ঋণ কার্যক্রম ও ত্রাণ বিতরণে স্বচ্ছতা ও সমন্বয় বৃদ্ধির লক্ষ্যে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন।
সভায় জানানো হয়, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও ভূমি মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি-এর প্রস্তাবনার প্রেক্ষিতে বন্যায় ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের ঋণের কিস্তি আদায়ে তিন মাস স্থগিত রাখার প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এ উদ্যোগের জন্য তাঁর প্রতি বান্দরবানবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়।
Leave a Reply