
ঝিনাইদহের হরিণাকুন্ডুতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবাসহ মোঃ রিপন হোসেন (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
বুধবার (২২ জুলাই) গভীর রাতে হরিণাকুন্ডু থানাধীন রঘুনাথপুর সরদারপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়। গ্রেফতারকৃত রিপন হোসেন ওই এলাকার মোঃ মুনির আলীর ছেলে।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) মোঃ মুরাদুজ্জামানের নেতৃত্বে একটি চৌকস দল বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদ পান যে, রঘুনাথপুর সরদারপাড়া এলাকায় ইটের সলিং রাস্তার ওপর এক ব্যক্তি ইয়াবা বিক্রয়ের জন্য অবস্থান করছেন। সংবাদ পেয়ে রাত অনুমান ১:০০ ঘটিকার সময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে উক্ত ব্যক্তি পালানোর চেষ্টা করেন। এ সময় সঙ্গীয় ফোর্সের সহায়তায় তাঁকে আটক করা হয়।
পরবর্তীতে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে আটককৃত রিপনের পরিহিত লুঙ্গির ডান কোমর থেকে একটি সাদা পলিজিপারে রক্ষিত ৩০ পিস (ওজন প্রায় ৩ গ্রাম) ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৫ হাজার টাকা। রাত ১:৪০ ঘটিকার সময় জব্দতালিকা প্রস্তুত করে আলামত উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত রিপন স্বীকার করেছেন যে, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক সেবী ও ব্যবসায়ীদের কাছে পাইকারি ও খুচরা মূল্যে অবৈধ ইয়াবা বিক্রি করে আসছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) টেবিলের ১০ (ক) ধারায় মামলা রুজু করে হরিণাকুন্ডু থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply