
গাজীপুর সিটি করপোরেশনের (জিসিসি) ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৫ হাজার ১০২ কোটি ৩৫ লাখ ৮ হাজার টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। নগর উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ, বিশুদ্ধ পানি সরবরাহ, পরিবেশ উন্নয়ন এবং নাগরিক সেবার মানোন্নয়নকে অগ্রাধিকার দিয়ে প্রণীত এ বাজেট রোববার (২৬ জুলাই) নগর ভবনের মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করেন সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মিজ্ তিনজিলা খানম। একই অনুষ্ঠানে ২০২৫-২০২৬ অর্থবছরের ৩ হাজার ৪৬৩ কোটি ৬ লাখ ৯৭ হাজার টাকার সংশোধিত বাজেটও উপস্থাপন করা হয়।
প্রস্তাবিত বাজেটে মোট ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৪৮০ কোটি ৪৭ লাখ ৫০ হাজার টাকা। আয়ের প্রধান উৎস হিসেবে রাজস্ব, পানি সরবরাহ তহবিল, সরকারি উন্নয়ন সহায়তা এবং বৈদেশিক সহায়তাপুষ্ট বিভিন্ন প্রকল্পকে গুরুত্ব দেওয়া হয়েছে। বাজেট বাস্তবায়ন শেষে সিটি করপোরেশনের সমাপনী স্থিতি ২ হাজার ৬২১ কোটি ৮৭ লাখ ৫৮ হাজার টাকা হবে বলে আশা করা হচ্ছে।
বাজেট বক্তৃতায় প্রশাসক মো. শওকত হোসেন সরকার বলেন, জনকল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এ বাজেট প্রণয়ন করা হয়েছে। তিনি বলেন, গাজীপুরকে একটি সবুজ, পরিচ্ছন্ন, পরিকল্পিত ও নাগরিকবান্ধব মহানগর হিসেবে গড়ে তুলতে সড়ক উন্নয়ন, নিরাপদ পানি সরবরাহ, শিক্ষা ও স্বাস্থ্যসেবার সম্প্রসারণ এবং আধুনিক নাগরিক সেবার উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
এর আগে সকালে নগর ভবনের সম্মেলন কক্ষে গাজীপুর সিটি করপোরেশনের ২০তম কর্পোরেশন সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রশাসক মো. শওকত হোসেন সরকার। সভায় আগের কার্যবিবরণী অনুমোদনের পাশাপাশি উন্নয়ন প্রকল্প, রাজস্ব আদায়, স্বাস্থ্যসেবা, বর্জ্য ব্যবস্থাপনা ও সম্পত্তি ব্যবস্থাপনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা এবং একাধিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় প্রশাসক সংশ্লিষ্ট কর্মকর্তাদের নাগরিক সেবা আরও দ্রুত ও হয়রানিমুক্ত করা এবং চলমান উন্নয়নকাজ নির্ধারিত সময়ের মধ্যে স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করার নির্দেশনা দেন।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ ফিরোজ আল মামুন, প্রধান কল্যাণ কর্মকর্তা (উপসচিব) মুসফিকা হাসনীন চৌধুরী, প্রধান প্রকৌশলী মো. আব্দুল বারেক, অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুদীপ বসাক, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা গোলাম কিবরিয়া, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. সোহেল রানা, উপসহকারী প্রকৌশলী আমজাদ হোসেনসহ সিটি করপোরেশনের বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Leave a Reply