
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI)-এর ভুয়া পরিচয়ে দীর্ঘদিন ধরে প্রভাব বিস্তার ও অপকর্ম চালিয়ে আসা এক প্রতারক অবশেষে আইনশৃঙ্খলার জালে ধরা পড়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মোঃ রাকিবুল ইসলাম (২০)। সে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার শালকোপা গ্রামের মোঃ মহসীন আলীর ছেলে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) কোটচাঁদপুর উপজেলার কুশনা ইউনিয়নের তালসার বাজার এলাকা থেকে ওই প্রতারককে গ্রেপ্তার করে স্থানীয় তালসার ফাঁড়ির পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত রাকিবুল নিজেকে এনএসআই (NSI)-এর উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে তালসার বাজারসহ আশপাশের এলাকায় নানাভাবে প্রভাব বিস্তারের চেষ্টা চালিয়ে আসছিল। তার চলাফেরা ও আচরণে দীর্ঘদিন ধরে স্থানীয় ব্যবসায়ীদের সন্দেহ হচ্ছিল। মঙ্গলবার তালসার বাজারে তার ভুয়া পরিচয়ের বিষয়টি উন্মোচিত হলে ক্ষুব্ধ জনতা তাকে হাতেনাতে ধরে ফেলে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে খবর দেওয়া হয় স্থানীয় পুলিশ ফাঁড়িতে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে তালসার পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) মোঃ তবিবার রহমান জানান, “তালসার বাজারের সচেতন জনতা ভুয়া NSI পরিচয়দানকারী রাকিবুলকে প্রথমে আটক করে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে নিরাপদ হেফাজতে নেয় এবং পরবর্তীতে কোটচাঁদপুর মডেল থানা হেফাজতে হস্তান্তর করে।”
আইসি তবিবার রহমান আরও যুক্ত করেন, “প্রতারণা ও চাঁদাবাজির সুস্পষ্ট অভিযোগে ওই ভুয়া পরিচয়দানকারীর বিরুদ্ধে পেনাল কোডের ১৭০ (সরকারি কর্মচারীর ভুয়া পরিচয় দেওয়া) এবং ৩৮৫ (ভীতি প্রদর্শন করে অর্থ দাবি) ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”
কোটচাঁদপুর মডেল থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত রাকিবুলের পেছনে কোনো সংঘবদ্ধ চক্র জড়িত আছে কি না এবং ভুয়া পরিচয় ব্যবহার করে সে কতজনের কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়েছে—তা বের করতে নিবিড় জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। তার কাছ থেকে কোনো ভুয়া পরিচয়পত্র বা অবৈধ সরঞ্জাম উদ্ধার হয়েছে কি না, তা যাচাই-বাছাই শেষে বিস্তারিত জানানো হবে। এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছে থানা কর্তৃপক্ষ।
Leave a Reply