
ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর শহরের একটি গুরুত্বপূর্ণ পয়েন্টে ড্রেনের ভাঙা স্ল্যাব এখন পথচারী ও স্থানীয়দের জন্য মরণফাঁদে পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে এই বিপজ্জনক অবস্থা চললেও পৌর কর্তৃপক্ষের কোনো কার্যকর পদক্ষেপ না থাকায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।
সরেজমিনে দেখা গেছে, কোটচাঁদপুর পিজন ক্লাবে ঢোকার মুখে, প্রদীপের চায়ের দোকান এবং রকিব মেম্বারের মেশিনারি দোকানের ঠিক সামনে ড্রেনের একটি বড় স্ল্যাব সম্পূর্ণ ভেঙে ভেতরে পড়ে গেছে। উন্মুক্ত এই গর্তে এখন ময়লা-আবর্জনা জমছে এবং এটি ব্যস্ত সড়কের পাশে হওয়ায় মারাত্মক দুর্ঘটনার ঝুঁকি তৈরি করেছে।
স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা জানান, এই রাস্তাটি দিয়ে প্রতিদিন অসংখ্য মানুষ যাতায়াত করেন। বিশেষ করে রাতে কিংবা অসাবধানতাবশত প্রতিনিয়ত মানুষ এখানে ছোট-বড় দুর্ঘটনার শিকার হচ্ছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, “স্ল্যাবটি ভেঙে যাওয়ার পর বারবার পৌরসভাকে বিষয়টি জানানো হয়েছে। কিন্তু অজ্ঞাত কারণে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। কর্তৃপক্ষ কি কোনো বড় ধরনের প্রাণহানির অপেক্ষায় আছে?”
সামনে যেকোনো বড় ধরনের দুর্ঘটনা ও জানমালের ক্ষতি এড়াতে এই ভাঙা স্ল্যাবটি দ্রুত সংস্কার করার জন্য পৌর কতৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে ড্রেনটি ঢেকে দেওয়ার দাবি এখন সর্বস্তরের মানুষের।
Leave a Reply