
চুয়াডাঙ্গার সদর উপজেলার তালতলা এলাকায় ছাগল চুরির অভিযোগে এক যুবককে হাতেনাতে আটক করেছে পুলিশ। পরে সামারি ট্রায়াল আদালত তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা এবং জরিমানা অনাদায়ে আরো দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।
পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের নির্দেশনায় জেলার বিভিন্ন ইউনিটে মাদক, চোরাচালান ও অন্যান্য অপরাধ দমনে নিয়মিত বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় গত ১৮ জুলাই সকাল ৯টার দিকে চুয়াডাঙ্গা সদর পুলিশ ফাঁড়ির এসআই (নি.) মো. আকরাম খানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ও অভিযোগকারী মো. হাসান উদ্দিনকে সঙ্গে নিয়ে সদর উপজেলার তালতলা গ্রামের মাঠ এলাকায় অভিযান চালানো হয়।
অভিযানের সময় তালতলা গ্রামের মৃত মজিবুলের ছেলে মো. সাব্বিরকে (২৬) খাসি ছাগল চুরির অভিযোগে হাতেনাতে আটক করা হয়।
পরে তার বিরুদ্ধে ১৮৬০ সালের দণ্ডবিধির ৩৭৯ ধারায় মামলা উপস্থাপন করা হলে সামারি ট্রায়াল আদালত তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি মিজানুর রহমান বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চুরি, মাদক ও চোরাচালানসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে
Leave a Reply