
ইরানে টানা অষ্টম রাতেও হামলার খবর, বন্দর আব্বাস ও কেশমে বিস্ফোরণের শব্দ
ইরানের দক্ষিণাঞ্চলের বন্দর আব্বাস ও পার্শ্ববর্তী কেশম দ্বীপে টানা অষ্টম রাতেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে স্থানীয় বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে। এ ঘটনাকে ঘিরে যুক্তরাষ্ট্রের হামলার অভিযোগ উঠলেও, তাৎক্ষণিকভাবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ জানায়, বন্দর আব্বাসের বিভিন্ন এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ঘটনার কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত চালাচ্ছে।
অন্যদিকে, তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, প্রাদেশিক কর্মকর্তারা বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করলেও এখন পর্যন্ত ক্ষেপণাস্ত্র হামলা বা মার্কিন যুদ্ধবিমানের আঘাতের প্রমাণ পাওয়া যায়নি।
স্থানীয় কয়েকটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, সাম্প্রতিক দিনগুলোতে বন্দর আব্বাস ও কেশম দ্বীপে একাধিক হামলার ঘটনা ঘটেছে। তাসনিমের তথ্যমতে, কেশম দ্বীপের উপকণ্ঠে অন্তত ছয়টি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে দাবি করা হলেও, এ বিষয়ে নিরাপত্তা বাহিনী বা সরকারি কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি। এছাড়া ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো নির্ভরযোগ্য তথ্যও প্রকাশ করা হয়নি।
এদিকে, জর্ডানে একটি বিমানঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করার সময় দুই মার্কিন সেনা নিহত হয়েছেন এবং আরও একজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।
মার্কিন প্রতিরক্ষা দপ্তরের তথ্য অনুযায়ী, হামলায় আহত চার সেনাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে এবং পরে তারা ছাড়পত্র পেয়েছেন। এছাড়া সামান্য আহত অন্যান্য সেনাসদস্যদের প্রাথমিক চিকিৎসার পর পুনরায় দায়িত্বে ফিরিয়ে দেওয়া হয়েছে।
Leave a Reply