
চুয়াডাঙ্গার দামুড়হুদায় শিক্ষার্থীদের সেবামূলক ও শৃঙ্খলাবোধমূলক কার্যক্রমে উদ্বুদ্ধ করতে দুই শিক্ষা প্রতিষ্ঠানের গার্ল গাইডস সদস্যদের মাঝে ২৪ সেট ড্রেস বিতরণ করা হয়েছে।
দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব লাভলী ইয়াসমিনের সার্বিক সহায়তায় সম্প্রতি এ ড্রেস বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।
বিতরণকৃত ড্রেসের মধ্যে দামুড়হুদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজের কারিগরি শাখার গার্ল গাইডস সদস্যদের জন্য ১২ সেট এবং হাদিকাতুল দারুল উলুম বালিকা মাদ্রাসার গাইড সদস্যদের জন্য ১২ সেট পোশাক প্রদান করা হয়।
নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে ড্রেসগুলো গ্রহণ করেন দামুড়হুদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠান প্রধান জনাব ফাহমিদা রহমান এবং হাদিকাতুল দারুল উলুম বালিকা মাদ্রাসার সুপার ও গাইড শিক্ষক জনাব হাফিজা খাতুন।
উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্টদের সূত্রে জানা যায়, নারীদের মধ্যে নেতৃত্ব ও সামাজিক দায়বদ্ধতা গড়ে তুলতে গার্ল গাইডস কার্যক্রমের গুরুত্ব অপরিসীম। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের সহপাঠ্যক্রমিক কার্যক্রমে অংশগ্রহণে আরও আগ্রহী করে তুলবে।
শিক্ষার্থীদের সহায়তায় এগিয়ে আসায় এবং এই মহতী উদ্যোগে সহযোগিতা প্রদান করায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকবৃন্দ ‘বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন’ ঢাকা এবং আঞ্চলিক অফিস খুলনার সকল কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
Leave a Reply